দেশে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন রোগী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন ৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে।

মাসের হিসাবে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চলতি সেপ্টেম্বর মাসে; গত ২২ দিনেই মারা গেছেন ১০৪ জন। এর আগে আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১ হাজার ৮৬৮ জনকে নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৩৬৭ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে চলতি বছরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬২ হাজার ১১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৭৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৩১৭ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮ জন, রাজশাহীতে ১৫৬ জন, ময়মনসিংহে ১১৩ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেট বিভাগে সবচেয়ে কম ৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।