দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ধেয়ে আসা দমকা ও ঝড়ো হাওয়াসহ দেশের ১২টি অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কবার্তার কথা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রাত ১টার মধ্যে ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এমন বিরূপ আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীপথ ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
একই দিন সকালে দেওয়া অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের ওপর দিয়ে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টিপাতের কারণে তা প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।