ডিসেম্বরে কোনো অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সম্ভাব্য অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

অনুষ্ঠানে আনসার-ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর স্থাপনের আকাঙ্ক্ষা ছিল বাহিনীটির। সেই উদ্যোগের অংশ হিসেবে গণপূর্ত মন্ত্রণালয় থেকে ৩ দশমিক ৪৫ একর জমি বরাদ্দ পাওয়া গেছে। সেখানে বড় পরিসরে সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার-ভিডিপির মতো বড় একটি বাহিনীর জন্য খিলগাঁওয়ের বর্তমান জায়গা পর্যাপ্ত নয়। দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এর বাইরে ৩৫ হাজার দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত ভিডিপি সদস্য রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী বলেও উল্লেখ করেন তিনি।

আনসার সদস্যদের আবাসন সংকটের কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন সরকারি স্থাপনা ও মন্ত্রণালয়-অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করা নিয়মিত ব্যাটালিয়ন আনসার সদস্যদের অনেকের আবাসন সংকট রয়েছে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারীদের রাত্রিযাপনের সমস্যাও রয়েছে। নতুন সদর দপ্তরে তাদের জন্য ডরমেটরি ও ব্যারাক নির্মাণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে।

আনসার ব্যাটালিয়নের জন্য দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটির ভূমিকা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক অর্জন রয়েছে এবং ভবিষ্যতেও তারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাহিনীর সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণেরও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।