শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খুলনার কয়রায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ৫৭টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রং-তুলির কাজে প্রতিমাগুলোকে দেওয়া হচ্ছে চূড়ান্ত রূপ। পাশাপাশি মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার কাজও চলছে পুরোদমে।

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমাশিল্পীরা চোখ-মুখের অভিব্যক্তি, পোশাক ও অলংকারের কাজে ব্যস্ত সময় পার করছেন। পূজার সময় ঘনিয়ে আসায় দিন-রাত কাজ করছেন তারা। শিল্পীদের ব্যস্ততার পাশাপাশি মণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জার শেষ প্রস্তুতি।

কয়রা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী জানান, এবার উপজেলায় ৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরির কাজ শেষ হলেও মণ্ডপের সাজসজ্জাসহ বাকি প্রস্তুতি চলছে। পূজাকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

প্রতিমাশিল্পী নয়ন মণ্ডল বলেন, মাটির কাজ শেষ হওয়ার পর রং ও তুলির কাজের মাধ্যমে প্রতিমা পূর্ণাঙ্গ রূপ পায়। বিশেষ করে চোখ-মুখের অভিব্যক্তি ও অলংকারের কাজে বাড়তি সময় ও যত্ন প্রয়োজন হয়। তাই পূজা যত ঘনিয়ে আসছে, তাদের ব্যস্ততাও তত বাড়ছে।

এদিকে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল বাকী জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।