প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব নিশ্চিত করা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। শিশুদের নৈতিক ও আধুনিক শিক্ষার পাশাপাশি সর্বজনীন স্বাস্থ্যসেবা, পুষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিশুশ্রম, বাল্যবিয়ে, সামাজিক সহিংসতা ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, শিশুদের হাসি, স্বপ্ন ও সাফল্যের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি নিরাপদ, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ।