আসন্ন শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামাদের উগ্রবাদী হিসেবে উপস্থাপনের প্রচারণা মিথ্যা প্রমাণ করতে হলে অন্য ধর্মের মানুষদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কওমি মাদরাসার শিক্ষা সনদের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রবেশের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে আলেম-ওলামারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এদিন বইমেলায় ফাউন্টেন প্রকাশনীর ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।