সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এসআরএফ। এর অংশ হিসেবে আয়োজিত র‍্যালিতে সংগঠনের সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাবেক সভাপতি মাসউদুর রহমান রানা, জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না, কোষাধ্যক্ষ ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এছাড়া সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরাও এতে যোগ দেন।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে সহযোগিতা বাড়ানো, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে এসআরএফের যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।