প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, উপযুক্ত সময় এলে প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাবেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।
নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা এবং এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে কি না জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। তবে সফর নিয়ে এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই। দুই দেশের প্রধানমন্ত্রী সুবিধাজনক সময় মনে করলে সফরটি হবে।
তিনি বলেন, সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্কের পরিস্থিতি ইতিবাচক রয়েছে। একই সঙ্গে উভয় দেশের রাজনৈতিক বাস্তবতা ও বিভিন্ন বাধ্যবাধকতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত পর্যায়ে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা না হলেও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।