কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির পাশে একটি গাছ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পূর্বনয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোকন উদ্দিন (২৫) ওই গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। প্রায় তিন বছর সিঙ্গাপুরে থাকার পর দেড় মাস আগে দেশে ফিরেছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের গাছে রোকনের মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল।
রোকনের বাবা জানান, সোমবার রাতে তিনি জমিতে সেচ দেওয়ার কাজে বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন রোকনের মা ও বড় ভাই। রাত একটার দিকে রোকন ঘর থেকে বের হন। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, ফোনে কথা বলার জন্য তিনি বাইরে গেছেন। এরপর তিনি আর ঘরে ফিরেছেন কি না, তা কেউ বলতে পারেননি।
পরিবারের দাবি, রোকনকে কে বা কারা এবং কী কারণে হত্যা করতে পারে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। তার ব্যবহৃত মোবাইল ফোন মরদেহের কাছ থেকে পাওয়া গেলেও এতে কোনো সিম কার্ড ছিল না।
প্রতিবেশীরা জানান, দেশে ফেরার পর মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে ট্রেনে করে কক্সবাজার যাওয়ার কথা ছিল রোকনের।
ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, নাকি গাছে ঝুলিয়ে রাখার পর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।