সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় দেওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সালমান মুক্তাদিরের অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক বক্তব্য দেওয়া হলেও পরে তিনি নিজেই তার আগের পোস্ট সরিয়ে নিয়েছেন। এমন পরিস্থিতিতে ওই বক্তব্যের ভিত্তিতে দেওয়া রাজনৈতিক পোস্টও প্রত্যাহার করা উচিত ছিল।

তিনি বলেন, শুরুতে যে তথ্যের ভিত্তিতে কেউ বক্তব্য দিয়েছেন, পরে সেই তথ্য পরিবর্তিত বা ভুল প্রমাণিত হলে তা স্বীকার করে বক্তব্য প্রত্যাহার করাই দায়িত্বশীলতার পরিচয়।

সালমান মুক্তাদিরের ওপর হামলার ঘটনায় সরকার সহানুভূতিশীল উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, কোনো ধরনের সহিংসতা বা ভাঙচুরকে সমর্থন করা হচ্ছে না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, সালমান প্রথমে চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে নিজেই জানান, বিষয়টি নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অনুসারী ও প্রভাব থাকা ব্যক্তিদের তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

জাহেদ উর রহমানের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে এর প্রভাবও বড় হতে পারে। তাই বেশি ‘রিচ’ ও প্রভাব থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণ করা জরুরি।