মিয়ানমারের উপকূলের কাছে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, গভীর নিম্নচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমারের উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।