বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে নতুন করে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। বুধবার রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।
এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ এবার এক ধাক্কায় দাম বেড়েছে প্রায় ১২ টাকা।
বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পর গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছিল। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরের দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমেছিল। এবার সেই দামই আবার ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।
আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করছে বিইআরসি। কমিশন জানায়, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনা করে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।