দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং বাংলাদেশি ইলিশ ভারতে পুনঃরপ্তানির অভিযোগের প্রেক্ষাপটে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। অথচ বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, দেশের বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তা স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে দাবি করা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানির পর ভারতের কিছু আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে বেশি দামে পুনঃরপ্তানি করে মুনাফা করছে বলেও নোটিশে অভিযোগ করা হয়েছে।

আইনজীবীর দাবি, এভাবে পুনঃরপ্তানি হলে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে পারে এবং জাতীয় সম্পদ হিসেবে ইলিশের যথাযথ মূল্যও পাওয়া নাও যেতে পারে।

নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত না নিলেও ভবিষ্যতে ভোক্তা স্বার্থ বিবেচনায় আগাম এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে না গিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে আন্তর্জাতিক মূল্যে সরাসরি ইলিশ রপ্তানির জন্য স্বচ্ছ ও কার্যকর নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ, নির্বাহী অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত না নেওয়া, দেশের বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া এবং মধ্যস্বত্বভোগী এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে