নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে পেতে দেশজুড়ে নিজেদের টিভি স্ক্রিনে তাদের তথ্য প্রচারের উদ্যোগ নিয়েছে ওয়ালটন প্লাজা। এ লক্ষ্যে নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে প্রতিষ্ঠানটি।
উদ্যোগের আওতায় দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাইকৃত নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পপ-ফাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রায়হান বলেন, পণ্য বিক্রি ও সেবার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও ওয়ালটন প্লাজা কাজ করছে। সেই দায়বদ্ধতা থেকেই নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন। প্রয়োজনে মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা এবং আগের রিপোর্টের তথ্য অনুসরণ করা যাবে।
জোহেব আহমেদ বলেন, দেশজুড়ে ওয়ালটন প্লাজার বিস্তৃত নেটওয়ার্ক ও টিভি স্ক্রিনকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে কাজে লাগানো সামাজিক দায়বদ্ধতার অংশ। এর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে পাওয়া এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।
মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, যাচাইকৃত তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। ওয়ালটন প্লাজার দেশব্যাপী নেটওয়ার্ক এমন অনেক মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে, যেখানে মুন অ্যালার্টের একার পক্ষে পৌঁছানো কঠিন।