অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। চাহিদা অনুযায়ী আগামী দুই মাসে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, অক্টোবরে ১০ কার্গো এবং নভেম্বরে ৯ কার্গো এলএনজি দেশে আসবে। এর মধ্যে অক্টোবরে স্পট মার্কেট থেকে ৩টি, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২টি এবং স্বল্পমেয়াদি চুক্তিতে ৫টি কার্গো আনা হবে।

নভেম্বরে আসবে ৯ কার্গো। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তিতে ৬টি এবং স্বল্পমেয়াদি চুক্তিতে ৩টি কার্গো রয়েছে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উৎস থেকে কেনা হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, অক্টোবর ও নভেম্বরের জন্য প্রয়োজনীয় ১৯ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। ফলে এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাস নিয়েও কোনো সমস্যা হবে না।

পেট্রোবাংলা জানায়, প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। সে হিসাবে দুই মাসে প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি হবে।

দেশে পৌঁছানোর পর এলএনজি টার্মিনালে তা পুনঃগ্যাসীকরণ করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে। পরে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে এই গ্যাস ব্যবহার করা হবে।

কর্মকর্তারা জানান, চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে এলএনজি সংগ্রহ করা হচ্ছে। আগামী কয়েক মাসের সরবরাহ নিশ্চিত রাখতে প্রতি মাসেই পরবর্তী তিন মাসের প্রয়োজনীয় এলএনজি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।