শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পৃথক মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। সিটি ব্যাংক আগামী ৪ অক্টোবরের বিশেষ সাধারণ সভা (ইজিএম) বাতিল করেছে। একই সময়ে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯ সেপ্টেম্বরের সভায় ইজিএম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সভা বাতিলের কোনো কারণ জানানো হয়নি।

অন্যদিকে, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুকের কাছে থাকা ৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৭২৪টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করা হবে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে এই বিক্রি সম্পন্ন করার কথা রয়েছে।