গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা বা ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও জরুরি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার রক্ষাকেও গুরুত্ব দিচ্ছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভুল ও অপতথ্য মোকাবিলায় তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশন্স (অফকম) ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যালেঞ্জ, তথ্যের নির্ভরযোগ্যতা এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।