ইলন মাস্কের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এনেছেন তাঁর চার সন্তানের মা ও প্রযুক্তি নির্বাহী শিভন জিলিস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্কের সঙ্গে হওয়া শেষ দিকের কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া পোস্টে জিলিস জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কোনো পূর্বাভাস ছাড়াই প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছানো তাঁর জন্য কঠিন ছিল। বিচ্ছেদের কষ্টের কথা জানিয়ে তিনি মাস্কের প্রতি মমতা প্রকাশ করেন এবং তাঁর সুখ কামনা করেন।
জিলিসের চার সন্তান স্ট্রাইডার, অ্যাজুর, আর্কাডিয়া ও সেলডন। সন্তানদের নিয়ে মাস্কের জীবনে একটি আনন্দময় ও ভালোবাসাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
স্ক্রিনশটে দেখা যায়, ২৪ সেপ্টেম্বর জিলিস মাস্ককে ভালোবাসার কথা জানিয়েছিলেন। জবাবে মাস্কও তাঁকে ভালোবাসেন বলে জানান। এরপর ২৭ সেপ্টেম্বর জিলিস লেখেন, ‘নতুন দিন, নতুন জীবন।’ বিচ্ছেদের বিষয়ে মাস্কের প্রতিনিধিদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।