টালিউড থেকে ঢালিউড—দুই বাংলাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দা দিয়ে অভিনয় সফর শুরু করে বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ হয়ে আলোচনায় আসার পর এখন টালিউড সুপারস্টার দেবের নায়িকারূপে দেখা যাচ্ছে তাঁকে। তবে এই গ্ল্যামারাস অভিনেত্রীর আসল নাম কিন্তু ইধিকা নয়। ক্যারিয়ারের গোড়াতেই নিজের আসল নাম বদলে নেওয়ার মতো একটি বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করার সময় ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ কিংবা ‘রিমলি’ ধারাবাহিকের সময়ে পরিচিত মহলে ও ইন্ডাস্ট্রিতে তিনি ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন।
নাম পরিবর্তনের নেপথ্য কারণ ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রুপালী জগতে স্থায়ী আসন পোক্ত করা এবং বড় পর্দায় ভিন্ন পরিচয়ে আত্মপ্রকাশের পরিকল্পনা থেকেই নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন অভিনেত্রী। ‘টুম্পা’ নামটি বেশ সাধারণ ও প্রচলিত হওয়ায় বড় পর্দার উপযোগী একটি ভিন্নধর্মী ও শ্রুতিমধুর নামের সন্ধানে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে নিজের নাম হিসেবে ‘ইধিকা’ নামটি বেছে নেন।
নাম পরিবর্তনের পর নতুন নাম ও ভিন্ন পরিচিতি নিয়েই বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে সফলভাবে কাজ শেষ করে বর্তমানে একাধিক নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন ইধিকা।
আসন্ন চলচ্চিত্র ও গুঞ্জন জানা গেছে, ওপার বাংলার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এছাড়া পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে সুপারস্টার জিতের বিপরীতে তাঁর অভিনয় করার জোর গুঞ্জন চলছে। তবে জিতের বিপরীতে অভিনয়ের বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।