জামায়াতে ইসলামী কখনোই জাতীয় ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, দলটি সবসময় নিজেদের রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘কমল কুঁড়ি’ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জামায়াত ১৯৭১, ১৯৮৬ ও ২০২৪ সালেও দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। অন্যদিকে বিএনপি রাষ্ট্র ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েছে বলে দাবি করেন তিনি। শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি আত্মত্যাগ করেছে বলেও উল্লেখ করেন রিজভী।

এ সময় রেমিট্যান্স শাটডাউনের হুমকির সমালোচনা করে তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। একটি বড় রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে রেমিট্যান্স পাঠানো বন্ধের কথা বলা কীভাবে সম্ভব, সে প্রশ্নও তোলেন তিনি।

রিজভীর মতে, প্রবাসীরা স্বেচ্ছায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করলে সেটি আলাদা বিষয়। তবে বিদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এমন মানুষও রয়েছেন। তাই রেমিট্যান্স শাটডাউনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এর আইনগত ভিত্তি ও সংশ্লিষ্টদের ক্ষমতা স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।