এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে এবার টেস্টের লড়াই, জাপানের ঠান্ডা থেকে আবুধাবির তপ্ত মরুতে বাংলাদেশ। এশিয়ান গেমসের ব্যর্থতার হতাশা পেছনে ফেলে এবার সম্পূর্ণ ভিন্ন এক পরীক্ষায় টাইগাররা। জাপানে ঠান্ডা আবহাওয়ায় সাদা বলের ক্রিকেট খেলে এবার সরাসরি আবুধাবির তীব্র গরমে লাল বলের টেস্টে নামছে লিটন-মুশফিকরা।

আর এই ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। আবুধাবিতে সাদা বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের থাকলেও লাল বলে এই প্রথম টেস্ট খেলতে নামছে টাইগাররা। তাই পরিচিত ভেন্যু হলেও পরিস্থিতিটা একেবারেই নতুন। সেই নতুন পরীক্ষার আগে গত কয়েকদিন কঠোর অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছেন ক্রিকেটাররা। 

যার সবচেয়ে বড় ছাপ দেখা গেছে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিংয়ে। অফ-স্টাম্পের ওপর নির্দিষ্ট জায়গায় একটি লক্ষ্যবস্তু রেখে সেটিকে নিশানা বানিয়ে একের পর এক বল করেছেন দুজন। অফ-স্টাম্পের আশপাশে নিখুঁত লাইন-লেন্থে বল ফেলে ব্যাটারকে ভুল করানোর মহড়াই যেন চলেছে। তবে শুধু বোলিং নয়, ব্যাটিং নিয়েও কিছুটা দুশ্চিন্তা আছে টাইগারদের। 

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া তানজিদ তামিমকে ঘিরেও রয়েছে প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে দুর্দান্ত শুরু করলেও পরের ভিন্ন তিন ইনিংসে শূন্য রানে ফিরেছেন এই ওপেনার। ফলে আবুধাবিতে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা কেমন হয়, তানজিদ নিজের ছন্দে ফিরতে পারেন কি না - সেদিকেও থাকবে বাড়তি নজর। 

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসও সমানে সমান। দুই দলের প্রথম দেখায় ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তান ২২৪ রানে জিতেছিল। চার বছর পর ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশ জবাব দেয় ৫৪৬ রানের বিশাল জয় দিয়ে। ফলে দুই দলের টেস্ট ইতিহাসে এখন জয় একটি করে। তবে এবার সেই হিসাব নতুন করে লেখার সুযোগ নিরপেক্ষ ভেন্যুতে। 

আফগানিস্তানের বিপক্ষে এবারের টেস্টটি হচ্ছে আবুধাবিতে, যেখানে কোনো দলই নিজেদের ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না। আফগানিস্তানের জন্য এটি পরিচিত অঞ্চলের কন্ডিশন হলেও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি - বিশেষ করে জাপানের ঠান্ডা আবহাওয়া থেকে সরাসরি আবুধাবির তীব্র গরমে এসে লাল বলের পাঁচ দিনের ক্রিকেটে মানিয়ে নেওয়া। তাই শরীর, মন এবং কৌশল - তিন দিক থেকেই বড় পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের। 

সব মিলিয়ে এশিয়ান গেমসের হতাশা ভুলে নতুন অধ্যায় শুরু করতে চাইবে বাংলাদেশ। আগামীকাল দুপুর ১২টায় আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। জাপানের ঠান্ডা থেকে আবুধাবির তপ্ত মরুতে এসে এবার কি টেস্ট ক্রিকেটে নতুন চমক দেখাতে পারবে টাইগাররা - উত্তর মিলবে মাঠেই।