বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, পলাতক ফ্যাসিবাদের অনুসারীরা বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং দেশের ভেতরে থাকা তাদের ‘গুপ্ত ও সুপ্ত’ দোসররা এই প্রচেষ্টায় হাওয়া দিচ্ছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি পক্ষের চলমান আন্দোলনের সমালোচনা করে রিজভী বলেন, “জ্বালানির দাম বেড়েছে দাবি করে কিছু লোক সড়কে নেমেছে। কিন্তু যারা বড় বড় কথা বলছেন, তাদের বিশ্বপরিস্থিতি বুঝতে খবরের কাগজ পড়া উচিত। বৈশ্বিক সংকটের কারণে পৃথিবীর অনেক দেশেই এখন অস্থিরতা চলছে।”
বিরোধী দলগুলোর রাজনৈতিক স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে এবং কর্মসূচি পালন করছে, গত ১৭ বছর এই দেশে তা কল্পনাও করা যায়নি।”
নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীর কর্মসূচির সমালোচনা করে রিজভী বলেন, “শুনছি একটি দল এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে। এত জ্বালানি অপচয় না করে সাশ্রয় করলে রাষ্ট্রের উপকার হতো। জনগণ এসব অযৌক্তিক কর্মসূচি বোঝে।”
বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার জনগণের জন্য কাজ করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের অর্থনীতির উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সরকার জনগণকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছে।”