মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জনপ্রিয়তা নতুন করে তলানিতে পৌঁছেছে। তার চূড়ান্ত মেয়াদের প্রায় দুই বছর বাকি থাকতেই ভোটারদের মধ্যে তার নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ বাড়ছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ ভোটার ট্রাম্পের দায়িত্ব পালনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ ভোটার চান, প্রেসিডেন্টের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে কংগ্রেস আরও সক্রিয় ভূমিকা পালন করুক। এ ছাড়া প্রায় ৬০ শতাংশ ভোটারের ধারণা, দেশের স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।

জরিপে তরুণ ভোটারদের মধ্যেও রিপাবলিকানদের প্রতি সমর্থন কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্প ও তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থন প্রায় সমান ছিল।

কিন্তু এবারের নির্বাচনে চিত্র বদলে গেছে। জরিপে দেখা গেছে, দেশজুড়ে ৩০ বছরের কম বয়সী ভোটারদের প্রায় ৭০ শতাংশ নিজ নিজ এলাকায় ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন।

এই ফলাফল তরুণ ভোটারদের রাজনৈতিক সমর্থনে পরিবর্তনের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রতি জনঅসন্তোষের চিত্র তুলে ধরেছে।