১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম কারিনা কাপুরের। রণধীর কাপুর ও ববিতা কাপুরের ছোট মেয়ে এবং কারিশমা কাপুরের ছোট বোন তিনি। কিংবদন্তি রাজ কাপুরের নাতনি কারিনা ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন।
‘কাভি খুশি কাভি গাম’-এর ‘পু’ চরিত্র তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর ‘জাব উই মেট’-এর গীতসহ ‘চামেলি’, ‘ওমকারা’ ও ‘তালাশ’-এ অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও তাঁর আলাদা পরিচিতি রয়েছে।
সাইফ আলী খানের সঙ্গে কারিনার প্রেম শুরু হয় ২০০৭ সালে ‘তাশান’ সিনেমার শুটিংয়ে। পাঁচ বছর প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর ঘর বাঁধেন তাঁরা। বয়সের পার্থক্য কিংবা ভিন্ন পারিবারিক পটভূমি কোনো কিছুই তাঁদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
২০১৬ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান তৈমুর, আর ২০২১ সালে পরিবারে আসে জাহাঙ্গীর। সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গেও কারিনার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সময়ের সঙ্গে তাঁদের পরিবার যেন আরও বড় ও আপন হয়েছে।
বলিউডের আলোঝলমলে জীবনেও নিজেদের পারিবারিক মুহূর্ত উপভোগ করেন সাইফ-কারিনা। সম্প্রতি সাইফের ৫৬তম জন্মদিনে তাঁদের বেশ কিছু ছবি প্রকাশ করেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা সাইফকে নিয়ে কারিনার এই ভালোবাসামাখা পোস্টই যেন তাঁদের সম্পর্কের সহজ, সুন্দর আর মজার দিকটি আবারও সামনে এনেছে।