কখনো কোনো ভীষণ কঠিন দিন কাটানোর পর মন খুলে কেঁদেছেন? কান্না শেষ হওয়ার পর কি এক অদ্ভুত শান্তি বা হালকা অনুভূতি টের পেয়েছেন? মানুষের ক্ষেত্রে কান্নার পর স্বস্তি অনুভব করাটা বেশ স্বাভাবিক। যদিও এটি সমস্যার মূল সমাধান করে না, তবুও ভেতরের তীব্র আবেগ ও মানসিক চাপ সামলানো অনেক সহজ করে দেয়।

কান্না মানুষের জীবনের একটি অত্যন্ত স্বাভাবিক আবেগীয় প্রতিক্রিয়া। দুঃখ, হতাশা, অতিমাত্রায় বিহ্বলতা, রাগ, মানসিক আঘাত কিংবা প্রচণ্ড আনন্দের মুহূর্তেও চোখ থেকে জল ঝরতে পারে। কিন্তু কান্নার পর কেন আমাদের শরীর ও মন শান্ত বোধ করে?

মানসিক চাপের বোঝা কমে ভেতরে জমা হওয়া আবেগ চেপে রাখা অত্যন্ত ক্লান্তিকর। কান্না কোনো কিছু লুকিয়ে না রেখে শরীরকে মনের চাপ প্রকাশের একটি স্বভাবজাত সুযোগ দেয়। যদিও চোখের পানি সব নেতিবাচক আবেগ দূর করে না, তবে দীর্ঘদিনের মানসিক চাপের পর কাঁদার সুযোগ পাওয়াটা মুক্তির মতো মনে হতে পারে। সবচেয়ে বড় স্বস্তি মেলে তখনই, যখন আর নিজের কষ্ট গোপন করতে হয় না।

শরীর ফিরে পায় স্বাভাবিক শান্ত ভাব তীব্র আবেগের মুহূর্তে মানুষের শরীরে বুক চেপে আসা, দ্রুত শ্বাস নেওয়া, পেশীতে টান পড়া বা হ্রদস্পন্দন বেড়ে যাওয়ার মতো পরিবর্তন দেখা দেয়। তবে কান্নার চরম পর্যায়টি কেটে গেলে শরীর ধীরে ধীরে শান্ত হতে থাকে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে, পেশী শিথিল হয় এবং তীব্র অনুভূতি কম অপ্রতিরোধ্য মনে হয়। ফলে মনে হয় যেন ভারী কোনো ভার নেমে গেল।

নিজের অনুভূতি উপলব্ধি করা সহজ হয় নিজের ভেতরের সত্যিকারের অনুভূতি বুঝতেও কান্না সহায়তা করে। ‘মোটিভেশন অ্যান্ড ইমোশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, কান্না মানুষকে আবেগ থেকে পালিয়ে না গিয়ে বরং সেগুলোকে মেনে নেওয়ার জন্য একটি বিরতি দেয়। এর ফলে মানুষ বুঝতে পারে যে সে সত্যিই আঘাত পেয়েছে, ক্লান্ত বা অভিভূত হয়ে পড়েছে। এই সচেতনতা পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ করে—যেমন পরিস্থিতি বদলানোর অযথা চেষ্টা না করে বিশ্রাম নেওয়া বা কারও সহায়তা নেওয়া।

সহায়তার নীরব সংকেত অনেক সময় কষ্ট প্রকাশের ভাষা খুঁজে পাওয়া যায় না, তখন কান্না সেই ভাষার কাজ করে। ‘রিসার্চগেট’-এ প্রকাশিত একটি গবেষণা মতে, যে ব্যক্তি কাঁদছেন তিনি হয়তো মুখে কিছু বলতে পারেন না, কিন্তু তাঁর চোখের জল জানান দেয় যে তিনি কষ্টে আছেন। এ সময় অন্য কেউ এগিয়ে এসে সান্ত্বনা বা একটু মনোযোগ দিলে সেই স্বস্তি আরও বহুগুণ বেড়ে যায়। একা কাঁদার চেয়ে কোনো বিশ্বস্ত মানুষের সামনে কাঁদার অভিজ্ঞতা এ কারণেই ভিন্ন হয়।

কান্নার পর সব সময় কি ভালো লাগে? কান্না কোনো মানসিক সমস্যার জাদুকরী সমাধান নয়। কান্নার পর শান্ত লাগলেও কেউ ক্লান্ত, বিব্রত বা নতুন করে আবেগপ্রবণ বোধ করতে পারেন। এই প্রতিক্রিয়া নির্ভর করে কান্নার পটভূমি, স্থান, নিরাপত্তা অনুভূতি এবং পরবর্তী মানসিক সমর্থনের ওপর। মূল সংকটের সমাধান না হলে তাৎক্ষণিক স্বস্তি কেটে যাওয়ার পর আবারও মানসিক চাপ ফিরতে পারে।

আবেগ বা কান্না চেপে রাখা কি ক্ষতিকর? জরুরি কাজ, গুরুত্বপূর্ণ মিটিং বা বিশেষ পরিস্থিতিতে কান্না সংবরণ করা একেবারেই ক্ষতিকর নয়। তবে সব সময় আবেগ দমন করার অভ্যাস নিজের মানসিক অবস্থাকে অনুধাবন করা কঠিন করে তোলে। আবার জোর করে কাঁদারও কোনো প্রয়োজন নেই, কারণ প্রতিটি মানুষ ভিন্নভাবে আবেগ প্রকাশ করে।

কখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন? সময়ে সময়ে কান্না করা স্বাভাবিক, তবে কোনো কারণ ছাড়াই ঘন ঘন বা অনিয়ন্ত্রিত কান্না এবং তার সঙ্গে দীর্ঘস্থায়ী দুঃখ, হতাশা, কোনো কাজে আগ্রহ না থাকা, তীব্র উদ্বেগ কিংবা ঘুমের সমস্যা দেখা দিলে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এমন ক্ষেত্রে ডাক্তার বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।

কান্না কোনো দুর্বলতা নয়, বরং কঠিন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়িয়ে শরীর ও মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। নিজেকে কাঁদতে দেওয়া মানে ভেতরের আবেগকে একটু স্বস্তি দেওয়া এবং নতুন করে আবার দাঁড়ানোর শক্তি সঞ্চয় করা।