ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগ আজও স্মরণ করা হয় গভীর শ্রদ্ধায়। তার আত্মাহুতি দিবস ২৪ সেপ্টেম্বর উপলক্ষে বিশেষ আয়োজন করেছে নাট্যদল ঢাকা পদাতিক। এ আয়োজনে থাকছে তাদের আলোচিত মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী। পাশাপাশি থাকবে সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের আঁকা ঐতিহাসিক বিভিন্ন ঘটনার ছবি নিয়ে প্রদর্শনী।
ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যালয় তপোবনের সহযোগিতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। দর্শকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে। এ জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।
নাটক শুরুর আগে তপোবনের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি মিলনায়তনের প্রবেশপথে প্রদর্শিত হবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের ছবি। সেই সময়ের যুদ্ধে শহীদ চট্টগ্রামের বিপ্লবীদের প্রতিকৃতির পাশাপাশি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিভিন্ন প্রদর্শনীর প্রামাণ্যচিত্রও থাকবে প্রদর্শনীতে।
ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এবারের আয়োজনের মধ্য দিয়ে নাটকটির ৪৭তম মঞ্চায়ন হতে যাচ্ছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও পরবর্তী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। এর রচনা ও মূল নির্দেশনা দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ।
মাসুম আজিজের মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব নেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। তার নির্দেশনায় প্রয়োজন অনুযায়ী নাটকের কিছু অংশে নতুন অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনা যুক্ত হয়েছে। প্রায় ৪০টি চরিত্রের এই নাটকে নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলনসহ আরও অনেকে অভিনয় করছেন। নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় আছেন শ্যামল হাসান।