দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে রুকাইয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল তাঁর। কাজটি নিয়ে বেশ আগ্রহীও ছিলেন শিমু। ৬ সেপ্টেম্বর উত্তরায় ধারাবাহিকটির সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার পাশাপাশি এক দিন শুটিংও করেন তিনি। তবে এরপরই হঠাৎ শারীরিক সমস্যার কারণে প্রকল্পটি থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে।

জানা গেছে, শুটিংয়ের প্রথম দিন থেকেই চোখে অস্বস্তি অনুভব করছিলেন সুমাইয়া শিমু। পরদিন চোখ ফুলে যাওয়ার পাশাপাশি ব্যথাও বাড়তে থাকে। একপর্যায়ে ডান চোখ পুরোপুরি লাল হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষার পর চিকিৎসক জানান, তাঁর চোখের কর্ণিয়ায় আঘাত লেগেছে। পরে ব্যথা বেড়ে যাওয়ায় শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

শিমুর ভাষ্য অনুযায়ী, মেকআপ নেওয়ার সময় মাসকারার ব্রাশের খোঁচা চোখের কর্ণিয়ায় লেগেছিল। শুরুতে বিষয়টি গুরুতর মনে না হলেও পরে চোখের সমস্যা বাড়তে থাকে। চিকিৎসকের পরামর্শে তাঁকে ১০ দিনের বেশি সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছে। এ সময় চোখে পানি দেওয়াও সম্ভব হয়নি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো এবং ব্যথাও নেই বলে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনয় থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পরিচালক মোস্তফা কামাল রাজের সঙ্গে আলোচনা করেন শিমু। এরপর ধারাবাহিকটির গল্পের প্রয়োজন অনুযায়ী রুকাইয়া চরিত্রে নতুন মুখ নেওয়ার সিদ্ধান্ত হয়। শিমুর পরিবর্তে চরিত্রটিতে অভিনয় করছেন দীপা খন্দকার। এর আগে থেকেই ধারাবাহিকটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি; তাঁর মরিয়ম চরিত্রে অভিনয়ের কথা ছিল। পরে সেই চরিত্রে যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী।

সুমাইয়া শিমু এই ধারাবাহিকে অভিনয় করতে না পারলেও ‘ফিরে আসার গল্প’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম ও রাজুসহ অনেকে। আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় দেখা যাবে ধারাবাহিকটি।