শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি মেনে নেওয়া হবে না। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার বিকেলে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকা জেলা ও মহানগরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পারস্পরিক অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে এ সম্প্রীতি আরও শক্তিশালী হয়েছে। তা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, পূজাকে ঘিরে জেলা প্রশাসন, পুলিশ, ঢাকা মহানগর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সংস্থাগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পূজা শুরুর আগে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও মহড়া বাড়ানোর পাশাপাশি ভোররাতের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেন তিনি।

পূজা উদযাপন কমিটিগুলোকেও নিজেদের মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন। কোনো ঝুঁকি বা সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

নারী দর্শনার্থীদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন এবং বিসর্জনকে কেন্দ্র করে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।