হাড় শক্ত রাখতে অনেকেই ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে এর ব্যবহার বেশি। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে এসব সাপ্লিমেন্ট গ্রহণে হাড় ভাঙা বা পড়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে—এমন শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য বিএমজে-তে প্রকাশিত গবেষণাটিতে ৬৯টি নিয়ন্ত্রিত গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব গবেষণায় অংশ নিয়েছিলেন মোট ১ লাখ ৫৩ হাজার ৯০২ জন প্রাপ্তবয়স্ক।
গবেষকেরা দেখতে পেয়েছেন, ক্যালসিয়াম বা ভিটামিন ডি আলাদাভাবে গ্রহণ করলেও হাড় ভাঙার ঝুঁকিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। একইভাবে, দুটি সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণের ক্ষেত্রেও হাড় ভাঙা বা ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি কমার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
তবে গবেষকেরা বলছেন, এই ফলাফল সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। অস্টিওপোরোসিস বা নির্দিষ্ট ধরনের হাড়ের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন ভিন্ন হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত কোনো সাপ্লিমেন্ট বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
গবেষণায় হাড় ভাঙা ও পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে ব্যায়ামের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ভারসাম্য ও পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম উপকারী হতে পারে। পাশাপাশি বাড়ির ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।