দিনভর ব্যস্ততার মধ্যে অনেক সময় মন খারাপ বা দুশ্চিন্তা টের পাওয়া যায় না। কিন্তু রাতের নীরবতায় একা হলেই হঠাৎ মন খারাপ, উদ্বেগ কিংবা হতাশা ভর করতে পারে। তবে রাতে এমন অনুভূতি হলেই যে আপনি বিষণ্ণতায় ভুগছেন, তা নয়।
রাতের নির্জনতা, একাকীত্ব, দিনের ক্লান্তি, ঘুমের অনিয়ম এবং অতিরিক্ত চিন্তা মনের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। দিনের ব্যস্ততা কমে গেলে নানা দুশ্চিন্তা, অনুশোচনা কিংবা অমীমাংসিত বিষয়ও মাথায় ঘুরপাক খেতে শুরু করে। একই সঙ্গে মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে আবেগ নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।
রাতে নিয়মিত মন খারাপ হলে নিজেকে দোষারোপ না করে কিছু অভ্যাস পরিবর্তন করে দেখতে পারেন।
১. ঘুমের আগে নিজেকে শান্ত করুন
কাজ কিংবা ব্যস্ততা শেষ করেই বিছানায় না গিয়ে অন্তত ৩০ থেকে ৬০ মিনিট নিজের জন্য রাখুন। হালকা গান শোনা, বই পড়া, গোসল করা কিংবা কিছুক্ষণ নীরবে বসে থাকা মনকে ঘুমের জন্য প্রস্তুত করতে পারে।
২. রাতে সমস্যার সমাধান করতে বসবেন না
রাতে ক্লান্ত অবস্থায় ছোট সমস্যাও অনেক বড় মনে হতে পারে। কোনো চিন্তা মাথায় এলে তা লিখে রাখুন। পরদিন কী করতে হবে, সেটিও সংক্ষেপে লিখে রেখে দিন। এতে রাতে একই বিষয় নিয়ে বারবার ভাবার প্রবণতা কমতে পারে।
৩. ঘুমের সময় ঠিক রাখুন
প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস শরীরের অভ্যন্তরীণ ঘড়ি ঠিক রাখতে সাহায্য করে। ঘুমের অনিয়ম মেজাজ ও মানসিক সুস্থতার ওপরও প্রভাব ফেলতে পারে।
৪. রাতে অতিরিক্ত স্ক্রলিং এড়িয়ে চলুন
ঘুমানোর আগে নেতিবাচক খবর, অনলাইন বিতর্ক বা সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় স্ক্রল করলে মানসিক অস্থিরতা বাড়তে পারে। স্ক্রল করার পর যদি আপনার মন আরও খারাপ হয়ে যায়, তাহলে রাতে বই পড়া, হালকা গান শোনা বা অন্য কোনো শান্ত কাজে সময় দিতে পারেন।
৫. একাকীত্ব এড়াতে কাছের কারও সঙ্গে কথা বলুন
রাতে মন খারাপের অন্যতম কারণ হতে পারে একাকীত্ব। এমন সময় বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে ফোন কিংবা মেসেজ করতে পারেন। দীর্ঘ আলোচনা জরুরি নয় কিছুক্ষণ কথা বলা বা খোঁজখবর নেওয়াও মনকে হালকা করতে পারে।
সবশেষে, রাতে মন খারাপ হওয়া যদি নিয়মিত ঘটে এবং দীর্ঘদিন ধরে দৈনন্দিন জীবন, ঘুম বা কাজকর্মে প্রভাব ফেলে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।