দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী মানুষের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা দিয়ে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে মোট ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জন উপকারভোগী বিনামূল্যে আইনগত সহায়তা পেয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন এবং দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন আইনি সহায়তা পেয়েছেন। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জনকে সেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার টোল ফ্রি ‘১৬৬৯৯’-এর মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন আইনগত সহায়তা পেয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন আরও ৩৮০ জন। সব মিলিয়ে সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জনে।
আর্থিক সামর্থ্যের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এসব সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।