যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়কে ইতিবাচক হিসেবে দেখছে ইরান। তেহরানের মতে, এই নির্বাচনী ফলাফলের মাধ্যমে মার্কিন ভোটাররা ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছেন। তবে নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটি।
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, মূল্যস্ফীতি বা বিবেক—যেকোনো কারণেই হোক, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে এবং ইরান এই রায়কে সমর্থন করে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানে নতুন করে হামলা চালিয়ে ওয়াশিংটন যেন জনমতের ইচ্ছাকে পাশ কাটিয়ে না যায়।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দলই আসুক না কেন, ইরানের প্রতি তাদের বৈরিতা অপরিবর্তিত থাকবে। আমেরিকার কাছে ন্যূনতম নতিস্বীকার না করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্য বজায় রাখাকে দূরবর্তী বিষয় মনে করলেও ইরানের কাছে তা পতনের মুখে।
সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাট দল। রিপাবলিকানদের দুর্গেও ডেমোক্র্যাটদের এই জয় ট্রাম্পের অর্থনৈতিক পরিচালনা ও ইরান যুদ্ধ নীতির প্রতি ভোটারদের চরম অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মনে করছে তেহরান।
নির্বাচনের প্রাক্কালে ইরানের শীর্ষ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে কোণঠাসা ও দুর্বল করতে তেহরান মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখছিল। অন্যদিকে, নির্বাচন পরবর্তী সময়ে সংঘাত আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে—এই আশঙ্কায় মধ্যস্থতাকারীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। যদিও ট্রাম্প সামরিক অভিযান পুনরায় চালুর সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে তেহরানও হুঁশিয়ারি দিয়েছে যে নতুন করে কোনো হামলা হলে আরও কঠোর ও বড় ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচনে ইরান সংকটের প্রভাবের কথা স্বীকার করলেও দাবি করেছেন যে, ভোটাররা তার গৃহীত পদক্ষেপের গুরুত্ব উপলব্ধি করেছেন। তবে মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্যে এটা স্পষ্ট যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুদ্ধবিরতির শর্তের বিষয়ে তেহরান তাদের নিজস্ব অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসতে প্রস্তুত নয়।