যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে কেন্দ্র করে তৈরি করা প্রচারমূলক বিজ্ঞাপনের ব্যয় এবার করদাতাদের অর্থ থেকে নয়, নিজের অর্থ ও সমর্থকদের তহবিল থেকে বহন করা হবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘পজিটিভ প্রোমোশন ফর আওয়ার গ্রেট ইউএসএ’ শিরোনামের দেশাত্মবোধক বিজ্ঞাপন তৈরিতে তিনি নিজেই অর্থ দেবেন। পাশাপাশি তার সমর্থক সংগঠন মাগা পলিটিক্যাল অ্যাকশন কমিটির আয়ও এ কাজে ব্যবহার করা হবে।
ট্রাম্পকে কেন্দ্র করে তৈরি এসব বিজ্ঞাপনে প্রায় ১৫ লাখ ডলার ব্যয় হয়। বিজ্ঞাপনগুলোর নৈতিকতা ও সরকারি অর্থ ব্যবহারের বিষয়টি নিয়ে আইনপ্রণেতাসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
ট্রাম্প বলেন, করদাতাদের অর্থ দিয়ে এ ধরনের বিজ্ঞাপন তৈরি করা হলেও তা ‘স্বাভাবিক’ হতে পারে। তবে সমালোচনা এড়াতে তিনি এবার নিজের অর্থেই বিজ্ঞাপনের ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার সমালোচকরা এতে সন্তুষ্ট হবেন না বলেও মন্তব্য করেন তিনি।