অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় গাড়ি উল্টে এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ সেনা আহত হয়েছেন। সোমবার বিকেলে ডারউইন শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাউন্ট বান্ডি প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত পাঁচজনকে হেলিকপ্টার ও বিমানে করে ডারউইনের রয়্যাল ডারউইন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহত ও আহত সেনাদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার তদন্তে সহায়তার জন্য প্রশিক্ষণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সেনার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।