বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমে গরমের অনুভূতিও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় নিম্নচাপটি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এর অবস্থান ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের পর দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।