জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন করে কোনো স্থায়ী সদস্যপদ সৃষ্টির একযোগে বিরোধিতা করেছে পাকিস্তানসহ ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ (ইউএফসি) জোটের ১২টি দেশ। নতুন স্থায়ী সদস্যের পরিবর্তে নির্বাচিত (অস্থায়ী) সদস্যপদ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন ব্যবস্থা চালুর জোরালো প্রস্তাব দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থাপিত একটি যৌথ বিবৃতিতে ইউএফসি জোটভুক্ত দেশগুলো এ কথা জানায়।
যৌথ বিবৃতিতে ১২টি দেশের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা পরিষদকে বিশ্বমঞ্চে আরও প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানোই সবচেয়ে ন্যায়সংগত এবং গণতান্ত্রিক পথ। নিরাপত্তা পরিষদে বিশেষ করে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেয় জোটটি।
ইউএফসি জোট নতুন করে ভিভিআইপি বা স্থায়ী আসন তৈরির তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করে। একই সাথে নিরাপত্তা পরিষদ সংস্কারের এই বৈশ্বিক আলোচনায় জাতিসংঘের ‘আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়া’ (আইজিএন)-কেই একমাত্র বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে সমর্থন প্রদান করে।
সংগঠনটি নিরাপত্তা পরিষদের বিতর্কিত ভেটো ক্ষমতা সম্পূর্ণ বিলুপ্তির পক্ষে অবস্থান পরিষ্কার করেছে। তবে সম্পূর্ণ বিলুপ্তির আগ পর্যন্ত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও ব্যাপক নৃশংসতার মতো নির্দিষ্ট ও স্পর্শকাতর পরিস্থিতিতে ভেটোর প্রয়োগ সীমিত করতে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
উল্লেখ্য, যৌথ বিবৃতিতে সই করা ১২টি দেশ হলো— আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন এবং তুরস্ক।