শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাময়িকভাবে উৎপাদন ব্যাহত হলেও পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো চিঠির জবাবে কোম্পানিটি জানায়, গত ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিক অসন্তোষের ওই ঘটনায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েনি।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে এক কর্মকর্তাকে মৌখিকভাবে হয়রানির অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কয়েকজন শ্রমিক কারখানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোম্পানি কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কোম্পানির স্বাভাবিক ব্যবসা পরিচালনায় কোনো স্থায়ী প্রভাব পড়েনি।

এ কারণে ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও কোম্পানির কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে বরিশালের কারখানা বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানির কাছে পরিস্থিতির ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কারখানার বর্তমান পরিস্থিতি ও উৎপাদন কার্যক্রমের বিস্তারিত তথ্য জানায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।