যথাযথ পাশ বা অনুমতিপত্র ছাড়া বাংলাদেশ সচিবালয়ে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশের আগে দর্শনার্থীর OTP বা অনুমতিপত্র যথাযথভাবে যাচাই করে তারপর প্রবেশের অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা যাচাই আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের আগে সংশ্লিষ্ট OTP বা অনুমতিপত্র পরীক্ষা করে তা সঠিক ও বৈধ কি না নিশ্চিত করতে হবে।

এর আগে নিরাপত্তার স্বার্থে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে অনুমোদিত কার্ডধারী ছাড়া দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় অননুমোদিত ব্যক্তির প্রবেশ ঠেকানো এবং দাপ্তরিক পরিবেশ স্বাভাবিক রাখতে প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করা হচ্ছে।