বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে বলে তিনি মনে করেন।

শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজাতে চান। সেই লক্ষ্যেই মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে বলে তিনি মনে করেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, তাঁর আগে দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকেও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বে দ্রুত ও গতিশীলভাবে কাজ সম্পন্ন করার পাশাপাশি পর্যটনের বিস্তারে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, দেশের ও জনগণের উন্নয়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রী বিভিন্ন দায়িত্বে পদায়নের সিদ্ধান্ত নিয়েছেন। কে কোথায় কাজ করলে ভালো ফল পাওয়া যাবে, সে বিষয়টি বিবেচনা করেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন তিনি।

এর আগে ২৩ আগস্ট মন্ত্রণালয়ে যোগ দিয়ে মিল্লাত বলেন, নতুন নেতৃত্বে বিমান ও পর্যটন খাতে গতি আনতে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করাকে অগ্রাধিকার দেওয়া হবে।