রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তার সেই আবেদনে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

ইশরাক বলেন, ঢাকা-৬ আসনের জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হিসেবে গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বলেন, গত দুই দিন ধরে একটি ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

ইশরাক আরও জানান, সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। সেখানে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে বলেন, তার কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ না হয়।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। এর আগের রাতে তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেন ইশরাক হোসেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরবর্তী সময়ে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়।