ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৫২৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, জাল স্ট্যাম্প, নগদ অর্থ এবং ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জাম। অভিযানে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, বিভিন্ন বিভাগে গ্রেপ্তার ব্যক্তিদের সংখ্যা:
-
মিরপুর বিভাগ: ১০২ জন
-
ওয়ারী বিভাগ: ৭৫ জন
-
তেজগাঁও বিভাগ: ৭৩ জন
-
লালবাগ বিভাগ: ৬৭ জন
-
উত্তরা বিভাগ: ৬৩ জন
-
মতিঝিল বিভাগ: ৫৩ জন
-
গুলশান বিভাগ: ৫২ জন
-
রমনা বিভাগ: ৩৩ জন
-
গোয়েন্দা বিভাগ (ডিবি): ৯ জন
-
সিটিটিসি: ১ জন
উদ্ধারকৃত আলামত ও মালামাল: অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি বাস, ৯টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ২,৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প এবং ৩,৩৫৬ পিস নন-জুডিশিয়াল স্ট্যাম্প।
একই সঙ্গে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬,০০০ ক্যাপসুল, ৩১০টি শ্যাম্পু, ৩০টি ফেসওয়াশ, ৫ কেজি সাদা পাউডার, ১৫০টি খালি মোড়ক ও বোতল, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল এবং ক্যাপসুল ও লেবেল তৈরির বিভিন্ন যন্ত্রাংশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।