ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের এক পাইলটসহ সৌদির তিন নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিমানবন্দরের অবকাঠামো ও মাটিতে দাঁড়িয়ে থাকা একটি বিমান লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়। সৌদিয়া এয়ারলাইন্সও তাদের একজন পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হামলার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না।
এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, অন্যরা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রিয়াদের বিমানবন্দরে হামলার কথা জানিয়েছে। এর আগে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক হামলার ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়।