সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ধারণা করছে পুলিশ। তবে হামলার পেছনে চাঁদাবাজির কোনো বিষয় ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপি ও ডিবির একটি দল দক্ষিণ মানিকদীর ওই আবাসন প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার।

তিনি জানান, ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে এসআরবি সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তদন্ত শেষ হলে হামলার প্রকৃত কারণ ও পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এর আগে ক্যান্টনমেন্ট থানার আওতাধীন ইসিবি চত্বরের কাছে দক্ষিণ মানিকদীর একটি বেসরকারি আবাসন প্রকল্পে রাতের বেলায় সশস্ত্র হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রায় ২৫০ থেকে ৩০০ জন কয়েকটি পিকআপে করে সেখানে গিয়ে গুলি ছোড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালায়। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর করা হয়।