জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘ভারসাম্যহীন’ ও ‘অসংলগ্ন’ আখ্যা দিয়ে এর জবাব দিতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ঢাকায় ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন। তাঁর এ বক্তব্যের মাধ্যমে ককটেল বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্যের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না এবং বিষয়টি সাংবাদিকদের বিশ্লেষণ করতে বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে জোটে নয়টি দল রয়েছে এবং তাদের দাবিও নয়টি। এসব দাবি মেনে নিলে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে এমন বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায় কি না, তা নিয়ে তিনি মন্তব্য না করে বলেন, বিষয়টি আপনারাই বিশ্লেষণ করবেন।
এর আগে ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।