চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদপ্রার্থীরা নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। এতে দুই শতাধিক প্রার্থী অংশ নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা।

আন্দোলনকারীদের দাবি, ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি পুনর্বিবেচনা করে দ্রুত নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

প্রার্থীদের ভাষ্য, দীর্ঘ প্রক্রিয়া শেষে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের দাবি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর ভেরিফিকেশনে ২ হাজার ৩৮৫ জন প্রার্থী বাদ পড়েছেন।

কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের সংহতি জানিয়ে বঞ্চিত প্রার্থীদের সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান।

গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও বিভিন্ন জেলার অনেক প্রার্থী এখনো তা পাননি।