শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে শুধু আইনি প্রক্রিয়া যথেষ্ট নয়, ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের ফেরত আনার প্রক্রিয়া এগিয়ে চলছে। ভারত সরকার এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে উদ্যোগ নেবে বলে বাংলাদেশ আশা করছে।

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ফেরানো সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, চুক্তি অনুযায়ী অবশ্যই আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনও নাকচ করেন তিনি। স্যান ফ্রান্সিসকো সফর বাতিলের পেছনে এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতা ছিল এমন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, গুঞ্জনে কান না দিয়ে গণমাধ্যমের উচিত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা।

প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করেছেন। চীন, মালয়েশিয়া ও জাতিসংঘ সফরের পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন তিনি। স্যান ফ্রান্সিসকো সফরের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না; বরং আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তার সমন্বয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি হাই-টেক কোম্পানিগুলো বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এগিয়ে এলে দেশও এর সুফল পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য তুরস্ক সফর নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনা রয়েছে। তবে সফরের সময়সূচি ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।