ঘুম থেকে উঠেই স্মার্টফোন হাতে নেওয়া এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। অ্যালার্ম বন্ধ করার পর একটি বার্তা বা নোটিফিকেশন দেখার উদ্দেশ্যে ফোন হাতে নিলেও একসময় সামাজিক যোগাযোগমাধ্যম বা ইমেইল দেখায় ব্যস্ত হয়ে পড়েন অনেকে। দিনের শুরুতেই অতিরিক্ত তথ্যের মধ্যে ঢুকে পড়ায় মানসিক চাপ তৈরি হতে পারে এবং মনোযোগেও ব্যাঘাত ঘটতে পারে।
গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে ওঠার পরপরই ফোন ব্যবহারের কারণে শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। এতে হৃদস্পন্দন ও পেশির উত্তেজনা বাড়ার পাশাপাশি দিনের মনোযোগ এবং ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাই ঘুম থেকে উঠে সরাসরি ফোনের দিকে না তাকিয়ে দিনের শুরুতে কিছু ইতিবাচক অভ্যাস গড়ে তোলা যেতে পারে। যেমন—
১. স্ট্রেচিং করুন
ঘুম থেকে উঠে হাত-পা ছড়িয়ে শরীরের জড়তা কাটিয়ে নিন। হালকা স্ট্রেচিং রক্ত চলাচল বাড়াতে এবং পেশিগুলোকে সক্রিয় করতে সহায়তা করে।
২. এক গ্লাস পানি পান করুন
সারারাত পানি পান না করার পর সকালে শরীরকে হাইড্রেট করতে এক গ্লাস পানি পান করতে পারেন। চাইলে পানিতে সামান্য লেবুর রসও মেশাতে পারেন।
৩. কয়েক মিনিট মেডিটেশন করুন
চুপচাপ বসে কয়েক মিনিট শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিলে মানসিক অস্থিরতা কমিয়ে প্রশান্ত থাকতে সহায়তা করতে পারে।
৪. কৃতজ্ঞতার কথা ভাবুন
দিনের শুরুতে জীবনের ভালো বিষয়গুলোর কথা মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে ইতিবাচক মানসিকতা তৈরি হতে পারে।
৫. দিনের পরিকল্পনা করুন
আজকের গুরুত্বপূর্ণ কাজ ও লক্ষ্যগুলো ঠিক করে নিন। কোন কাজ কখন করবেন, তা আগে থেকে ভাবলে দিনটি গুছিয়ে নেওয়া সহজ হয়।
৬. গভীর শ্বাস নিন
নাক দিয়ে ধীরে গভীর শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। কয়েকবার এভাবে শ্বাস নেওয়া মনকে শান্ত রাখতে সহায়ক হতে পারে।
৭. পুষ্টিকর নাশতা করুন
সকালে অতিরিক্ত প্রক্রিয়াজাত বা চিনিযুক্ত খাবারের বদলে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাবার বেছে নিন। এতে দীর্ঘসময় শক্তি ধরে রাখতে সহায়তা করতে পারে।
৮. সকালের আলোতে কিছু সময় থাকুন
ভোরের বা সকালের আলো শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখতে সহায়তা করে। পাশাপাশি সূর্যের আলো ভিটামিন ডির উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ।
৯. হাঁটা বা ব্যায়াম করুন
সকালে হালকা হাঁটাহাঁটি কিংবা ফ্রি-হ্যান্ড ব্যায়াম করলে শরীর সক্রিয় হওয়ার পাশাপাশি এনার্জি বাড়তে পারে।
১০. নিজের যত্ন নিন
ত্বকের যত্ন, আরামদায়ক গোসল কিংবা নিজের পছন্দের কোনো কাজে কয়েক মিনিট সময় দিন। দিনের শুরুতে নিজের জন্য এই সময়টুকু মানসিকভাবে ভালো থাকতে সহায়তা করতে পারে।
সকালের এসব অভ্যাস নিয়মিত চর্চা করলে দিনের শুরুটা আরও গোছানো ও শান্ত হতে পারে। পাশাপাশি দিনের বিভিন্ন কাজ ও চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকতেও এগুলো সহায়ক হতে পারে।