মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত ছবিটি শেয়ার করা হয়। ছবিটির উৎস হিসেবে হোয়াইট হাউসের সৌজন্য উল্লেখ করা হয়েছে।
ছবিতে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দেখা যায়। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে ছবিটি তোলা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় গত শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী দেশে ফেরার আট দিন পর ছবিটি প্রকাশ করা হয়।