প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড—প্রেমিও বিসাতো দ’ওরো অর্জন করেছে সিনেমাটি। গত শুক্রবার রাতে, বাংলাদেশ সময় ১১টায় পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে এই পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান।

পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ভেনিসের লিডোতে শুরু হয়েছে ২ সেপ্টেম্বর। শেষ হবে ১২ সেপ্টেম্বর। আজ দেওয়া হবে উৎসবের অফিশিয়াল শাখার পুরস্কার। সেখানেও অরিজোন্তি বিভাগে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে বাংলাদেশের এই সিনেমা। সিনেমাটির ভেনিস প্রিমিয়ার হয় ৬ সেপ্টেম্বর। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হচ্ছে সিনেমাটি।

ছবিটির গল্প ঢাকার একটি সৌন্দর্যচর্চাকেন্দ্রকে ঘিরে। বিয়ের আগে এক তরুণীকে পরিবার ও সমাজের নানা সৌন্দর্য-আচার এবং প্রত্যাশার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু ধীরে ধীরে তার শরীর ও মন যেন সেই চাপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে শুরু করে। বাস্তবতার সঙ্গে স্বপ্ন, ভৌতিক আবহ ও লোকবিশ্বাস মিশিয়ে ছবিটি নারীর শরীর, সৌন্দর্যের সামাজিক সংজ্ঞা, বিয়ে এবং নারীর ওপর আরোপিত প্রত্যাশা নিয়ে প্রশ্ন তোলে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমু সহ অনেকে। সিনেমাটি ভেনিসের পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে। ভেনিস থেকেই টরন্টো উৎসবে অংশ নিতে যাবেন রুবাইয়াত হোসেন। উৎসবটি শেষ হবে ২০ সেপ্টেম্বর।

এই অর্জন শুধু একটি সিনেমার সাফল্য নয়, বরং বাংলাদেশের ফিচার চলচ্চিত্রের জন্য একটি ঐতিহাসিক অর্জন। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফিচার চলচ্চিত্র ভেনিসের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে, দর্শকদের প্রশংসা পেয়েছে এবং অর্জন করেছে আন্তর্জাতিক পুরস্কারও। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমার উপস্থিতির ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য যেমন সম্মানের, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই স্বীকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।