শিগগিরই ঢাকায় আবাসিক মিশন স্থাপনের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের তৃতীয় বৈঠকে এ তথ্য জানায় দেশটি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম। কেনিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, ওষুধ, কৃষি, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নীল অর্থনীতি, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রসারণ এবং চুক্তিভিত্তিক কৃষিসহ বিভিন্ন বিষয়ে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারক সম্পন্ন করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য, হালকা প্রকৌশল ও কৃষিপণ্যের সক্ষমতা তুলে ধরা হয় বৈঠকে। অন্যদিকে, কেনিয়া বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ আমদানি এবং দেশটিতে বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।
পাশাপাশি বাংলাদেশে উন্নতমানের কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির প্রস্তাব দেয় কেনিয়া।
বৈঠকে জাতিসংঘ, কমনওয়েলথ ও ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) আওতায় সহযোগিতা জোরদার এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর বিষয়েও সম্মত হয় উভয়পক্ষ।